রাজপরিবারের সমালোচনা

মেগানকে ডায়ানার সঙ্গে তুলনা হ্যারির 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৭:০৩

নিজের স্ত্রী এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলকে মা প্রিন্সেস ডায়ানার সঙ্গে তুলনা করেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। রাজপরিবার ছেড়ে আসা হ্যারি তার এবং মেগানের প্রতি রাজপরিবারের সদস্যদের আচরণেরও সমালোচনা করেছেন। নেটফ্লিক্সে ‘হ্যারি অ্যান্ড মেগান’ নামে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এই সিরিজের প্রথম তিনটি পর্ব মুক্তি দেওয়া হয়েছে। সেখানে হ্যারি এবং মেগানের ব্যক্তি জীবনের বিভিন্ন তথ্যও উঠে এসেছে।

সিরিজে রাজদম্পতি ব্রিটিশ মিডিয়ার ভূমিকার সমালোচনা করেছেন। মেগানকে মা ডায়ানার সঙ্গে তুলনা করেন হ্যারি। ডায়ানা ১৯৯৭ সালে প্যারিসে এক দুর্ঘটনায় মারা যান। তিনি বলেন, মেগান আমার মায়ের মতোই, তার আচরণও মায়ের সঙ্গে মিলে যায়। মেগানের প্রতি ব্রিটিশ মিডিয়াও একই ধরনের আচরণ করেছে। হ্যারি বলেন, ব্রিটিশ মিডিয়ার প্রতি মা ডায়ানা ক্ষুব্ধ ছিলেন। আমি মায়ের কাছ থেকে এ বিষয়ে শিখেছি। রাজপরিবারে বিয়ে করা বাইরের নারীরা কতটা দুর্দশায় পড়েন তা উঠে এসেছে সিরিজে। সিরিজে মেগানের মায়ের সাক্ষাত্কারও নেওয়া হয়েছে এবং গত পাঁচটি বছর তাদের জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল তা জানা গেছে। সিরিজে মেগানকে কাঁদতেও দেখা যায়। বিশেষ করে তার বাবার সঙ্গে কীভাবে মিডিয়া দ্বন্দ্ব তৈরি করেছে তা বলেছেন তিনি।

হ্যারি সাক্ষাৎকারে বলেন, ‘রাজপরিবার ছেড়ে আসায় অনেকে অনেক কিছু মনে করছেন। এ নিয়ে বিভক্তিও আছে। কিন্তু রাজপরিবারকে রক্ষায় আমি সবকিছু করেছি। বিশেষ করে আমার মায়ের সঙ্গে যা কিছু ঘটেছিল তার পরও।’ তিনি রাজপরিবারের বিরুদ্ধে মেগানের প্রতি পক্ষপাতিত্ব আচরণেরও অভিযোগ করেন। সিরিজে রাজপরিবার নিয়ে দুই জনের হতাশার চিত্র ফুটে উঠেছে। আগামী সপ্তাহে আরও তিনটি সিরিজ মুক্তি পাবে। গত আগস্টের মধ্যে হ্যারি ও মেগানের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। —সিএনএন

ইত্তেফাক/এমএএম