যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

যুক্তরাজ্যে ফিরে এলেও প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না। সোমবার (৭ সেপ্টেম্বর) এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।

সরকার ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর হ্যারি ও মেগান আর রাজপরিবারের কর্মরত সদস্য নন। ফলে তাদের বর্তমান অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজপরিবারের আনুষ্ঠানিক কার্যক্রমে যুক্ত না থাকলেও হ্যারি ও মেগানের বর্তমান রাজকীয় খেতাব ও মর্যাদা বহাল থাকবে। তাদের দাতব্য ও বাণিজ্যিক কর্মকাণ্ডও ব্যক্তিগত উদ্যোগ হিসেবেই পরিচালিত হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, কর্মরত রাজপরিবারের সদস্যদের রাষ্ট্রীয় ও রাজকীয় দায়িত্বের বাইরে হ্যারি-মেগানের আর্থিক স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে সম্মান করা হবে। তাদের অবস্থান অনেকটা বাণিজ্যিক ও দাতব্য কর্মকাণ্ডে যুক্ত সাধারণ নাগরিকদের মতো।

উল্লেখ্য, ২০২০ সালে রাজকীয় দায়িত্ব ছেড়ে স্বাধীনভাবে জীবনযাপন ও ক্যারিয়ার গড়ার লক্ষ্যে যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে চলে যান হ্যারি ও মেগান। প্রায় ছয় বছর যুক্তরাষ্ট্রে বসবাসের পর গত মাসের শেষ দিকে পরিবারসহ যুক্তরাজ্যে ফেরেন তারা।

সূত্র: রয়টার্স

 

 
ইত্তেফাক/এসজে