সাভারে দিনমজুরের ঘরে কোটি টাকার হেরোইন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ০৩:৩৫

সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দিনমজুরের ছদ্মবেশে থাকা এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার বিছানার তোশকের নিচ থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের এক কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। বুধবার রাতে হেমায়েতপুরের জয়নাবাড়ী মহল্লার একটি টিনশেড বাড়ি থেকে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার নাম আশরাফ ওরফে ইমাম। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাকপাড়া বটতলা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। বর্তমানে তিনি সাভারের জয়নাবাড়ী এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজের পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকায় খুচরা বিক্রি করতেন। সীমান্তবর্তী এলাকায় থাকা তার অপর সহযোগীর ছদ্মনাম তোফাজ্জল হোসেন। তাদের লেনদেন হয় বিকাশের মাধ্যমে। এ ঘটনায় সাভার মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এই চক্রের বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/এমএএম