‘১৫০০ টাকায়ও কিছু হয় না’ 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:৩২

বাজারে প্রতিনিয়তই আসছে শীতের সবজি। তাই সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, নতুন আলু, মূলা, শিম এবং বেগুনের দাম কিছুটা  কমেছে। তবে আটা, চাল, তেল, চিনি ও ডাল আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে মাছ, মাংস এবং ডিমের দাম।

কাওরান বাজারের এসেছেন চাকরিজীবী তাফাজ্জল হোসেন রিয়েল, তিনি বলেন, আজকে ১৫০০ টাকা নিয়ে বাজারে আসছিলাম। তেল, গুঁড়া দুধসহ পাঁচ পদ নেওয়ার পর টাকা শেষ হয়ে গেছে। সবজি, মাছ কিছুই কিনকে পারি নাই।

তিনি বলেন, চাকরির শুরুর দিকে বাজারে ৫০০ টাকা নিয়ে এসে ৫-১০ টাকা বেঁচে ফিরতো। এরপর ১০০০ টাকা এখন তো ১৫০০ টাকায়ও কিছু হয় না। 

এদিকে, কারওয়ান বাজারে শিম ও নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকায়। কয়েক সপ্তাহ আগে যা ছিল ৬০ থেকে ৮০ টাকা। কাঁচা টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগেও দাম ছিল ৬০ টাকার ওপরে। এ ছাড়া শীতকালীন শালগম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি। গত সপ্তাহে এ সবজির দাম ৫৫ থেকে ৬০ টাকা ছিল। বাঁধাকপি ও ফুলকপির দামও কমেছে।

চিনির বাজারে অস্থিরতা এখনও কাটেনি। প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে না বেশির ভাগ দোকানে। কিছু দোকানে খোলা চিনি পাওয়া গেলেও বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি। সয়াবিন তেল ১৯০ টাকা লিটার আর মসুর ডাল মানভেদে ১২০ থেকে ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

গত দুই সপ্তাহে চালের দাম কেজি প্রতি ৫ টাকা পর্যন্ত বেড়েছে। আটার দামও বৃদ্ধি। খোলা আটার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। প্যাকেটজাত আটার কেজি ৭০ থেকে ৭৫ টাকা।

স্বস্তি ফিরেছে ডিমের দামে। প্রতি ডজন ডিম ১১০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। যা কয়েক সপ্তাহ আগেও ছিল ১৫০ টাকা।

কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ১৪০ থেকে ১৫০ টাকা দরে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি ২৪০ থেকে ২৫০ টাকা। অপরিবর্তিত আছে গরুর মাংসের দর। বাজারভেদে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর মাংস। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

ইত্তেফাক/আরএজে