দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এদিকে এক ঘণ্টার বেশি অবরোধ করে রাখায় সড়কের দুইপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন হলের দুইশতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অবরোধে আটকা পড়া সাইদুল হাসান নামে এক যাত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রোশানলে পড়ে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছি। একঘণ্টা ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে এখন হেঁটে যাচ্ছি।’
এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বিএনপির সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে রুখে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি নতুন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। তারা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে। তাই দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নয়া পল্টনে পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রেখেছি।’
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ মহাসড়ক অবরোধ করেছে। আমরা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা অল্পসময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ কর্মসূচি শেষ করে।’
