বিনোদন রিপোর্ট
বেশ কয়েকটি সিনেমা ক্যারিয়ারের ঝুলিতে এরইমধ্যে জমা পড়েছে চিত্রনায়িকা শবনম বুবলীর। তবে সবগুলোই শাকিব খানের সাথে। এক সময় বুবলীর এই অবস্থানে ছিলেন অপু বিশ্বাস। শাকিবের সাথে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ সিনেমা করেছেন তিনি। তবে তাঁদের বিয়ের বিষয়টি সামনে আসার পর শাকিবের সাথে কোনো নতুন সিনেমা করেননি অপু। এমনকি তাঁদের মহরত হওয়া সিনেমাগুলোও একসাথে করেননি তাঁরা। এ নিয়ে বিপদেও পড়েন সিনেমার প্রযোজকরা। তবে মহরত হওয়া সিনেমাগুলো একে একে শাকিব-অপু দু’জনই শেষ করার প্রতিশ্রুতি দেন। তবে তার বাস্তবায়ন এতদিন না দেখা গেলেও পুরোনো একটি সিনেমা শুরু করতে যাচ্ছেন শাকিব। তবে নায়িকা হিসেবে সেখানে নেই অপু। ২০১৩ সালে ‘মনের মতো মানুষ পাইলাম না’ শিরোনামে একটি ছবির মহরত করেছিলেন নির্মাতা জাকির হোসেন রাজু। তখন সেই ছবির নায়ক-নায়িকা ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। মহরত করলেও নানা জটিলতায় ছবিটির শুটিং শুরু করতে পারেননি নির্মাতা।
তবে এবার সিনেমার সবকিছু ঠিক থাকলেও পাল্টে গেল নায়িকা। এই সিনেমায় এখন দেখা যাবে বুবলীকে। সম্প্রতি এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। প্রথমদিনের শুটিংয়ে অংশ নেন শাকিব খান ও বুবলী।
