কুমিল্লায় ড্রোনে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা উড়িয়ে সমর্থকদের উল্লাস প্রকাশ করেছেন। কুমিল্লা নগরীর তালপুকুরপাড় এলাকায় শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে ফুটবলপ্রেমীদের মধ্যে এমন উচ্ছ্বাস দেখা গেছে।
ড্রোনে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা উড়ানোর পাশাপাশি প্রিয় দলের পোশাক পড়ে দুই দলের সমর্থকেরা নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। এ সময় ওই এলাকার শিশু-কিশোর ও তরুণ থেকে নানা বয়সের সমর্থকেরা এই আনন্দে যোগ দেয়।
তালপুকুরপাড় ও আশপাশের এলাকার বাসা ও বাড়ির বিপুলসংখ্যক নারী-পুরুষ এ দৃশ্য উপভোগ করেন।
কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি মো. সাইফুল আলম রনি জানান, তিনি আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দলের জার্সি পড়ে তালপুকুরপাড়ে এসেছি। এখানে আসা কিশোর-তরুণদের কেউ ব্রাজিল, আবার কেউ আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। ড্রোনে আগে ব্রাজিলের এবং পরে আর্জেন্টিনার পতাকা বেঁধে ওড়ানো হয়। পরে দুই দলের সমর্থকেরা একসঙ্গে জার্সি পরে ছবি তুলেছে।
তিনি বলেন, এটাই সম্প্রীতির বন্ধন বলে মনে করি। এতে নগরীর পাড়ায়-মহল্লায় ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
