কুমিল্লায় ছেলের শাবলের আঘাতে নিহত হয়েছেন মা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে জেলার লালমাই উপজেলার কনকশ্রী গ্রামে এ নির্মম ঘটনা ঘটে। নিহতের নাম নুরজাহান বেগম (৫৪)। তিনি ওই গ্রামের কামাল হোসেন ওরফে রাজা মিয়ার স্ত্রী।
ঘাতক ছেলের নাম নুরে আলম সবুজ (৩০)। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ধ্যায় লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় লোকজন ও ওয়ার্ড সদস্য (মেম্বার) সাইদুল ইসলাম বলেন, কয়েকদিন আগে সৌদি থেকে দেশে আসে ঘাতক নুরে আলম। তিনি দুই বছর সৌদি আরবে থাকলেও দেশে তেমন টাকা-পয়সা পাঠাতে পারেননি। বিদেশ থেকে দেশে এসে একবার বাবা কামাল হোসেনকেও মারধর করেন। শনিবার দুপুরে পার্শ্ববর্তী মামার বাড়িতে গিয়ে মামা, মামাতো বোনকে পিটাতে থাকে নুরে আলম। খবর পেয়ে নুরজাহান বেগম ছেলের হাত থেকে ভাই ও ভাতিজিকে বাঁচানোর চেষ্টা করে। এ সময় নুরে আলম তার হাতে থাকা শাবল দিয়ে মা নুরজাহানকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে নুরে আলম বাড়ি এসে কাপড় নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
