ছোট মাঠের সুবিধাই দেখছেন মাশরাফি

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:১৫

শামীম হামিদ, টনটন (ইংল্যান্ড) থেকে

মুশফিকের চোট তেমন গুরুতর নয়। তিনি পুরোপুরি সুস্থ আছেন। সোমবার সকালে ফাইনাল কল পেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলবেন। চোট পাওয়া বাংলাদেশি উইকেট কিপার ও ব্যাটসম্যান মুশফিকের ফিটনেস নিয়ে এমন তথ্যই দিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি। শুধু মুশফিক নয়, টিমের কারো ফিটনেস নিয়েই আর কোনো সংশয় নেই বলেও জানান তিনি।

বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প নেই। তাই জেতার জন্য বাংলাদেশ আজ মরিয়া হয়ে খেলবে বলে আশা প্রকাশ করেন অধিনায়ক। গতকাল রবিবার সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে টিমের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন মাশরাফি। নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ার মূল্যটা বাংলাদেশকে এখন দিতে হচ্ছে উল্লেখ করে অধিনায়ক বলেন, ‘এখানে একটা ম্যাচ হেরে যাওয়ার অর্থ আপনি আরো নীচের দিকে চলে গেলেন। বিশ্বকাপের মতো বড় আসরে আপনাকে প্রতি ম্যাচেই ভালো পারফর্ম করতে হবে। টুর্নামেন্টে অনেক উত্থান পতন হবে। তবে আমাদের এখনো সুযোগ আছে। এখনো ৫টা ম্যাচ বাকি। আমি এবং টিমের সবাই এখনও বিশ্বাস করি যে, আমরা এখনও এই বিশ্বকাপে ব্যবধান গড়ে দিতে পারি।’

চলতি টুর্নামেন্টে ভালো করছেন ক্যারিবিয়ান পেসাররা। তবে এটা নিয়ে ভাবছেন না অধিনায়ক। তার চিন্তা প্রতিপক্ষের ব্যাটিং নিয়ে। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের এই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বাংলাদেশ আগেও খেলেছে। এই টুর্নামেন্টে ওরা ব্যাটিং শক্তি বাড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে গেলে যে কোনো টিম প্রথম প্ল্যানই করে তাদের ব্যাটিং নিয়ে। সবসময় তারা টি টোয়েন্টি মেজাজে খেলতে চায়। এমনকি ওয়ানডে ম্যাচটাও তারা ওইভাবেই খেলতে চায়। ব্যাটসম্যানদের এই কৌশলটা সফল হলে আমাদের বোলারদের  জন্য মাঠে কাজটা কঠিন হবে। এ কারণে যাই হোক না, নার্ভটাকে ঠান্ডা রেখে আমাদেরকে খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের সাথে উইকেট পাওয়ার বিকল্প কিছু নেই। তাদের সাথে আমরা আগে সফল হয়েছি বলে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। কারণ এটা নতুন একটা ম্যাচ। মাশরাফির মতে, ওয়েস্ট ইন্ডিজ এমন এক টিম যারা যে কোনো প্রতিপক্ষেরই বড় ধরনের ক্ষতি করতে পারে। খেয়াল রাখতে হবে তাদের ব্যাটসম্যানরা যেন আমাদের সিরিয়াস ক্ষতি করতে না পারে।’

টনটনের মাঠের আকার নিয়ে অনেক বলাবলি হচ্ছে। বলা হচ্ছে এটা একটা ছোট মাঠ। তবে মাঠ নিয়েও মাশরাফির উদ্বেগ নেই। এই মাঠে বরঞ্চ বাংলাদেশের ব্যাটসম্যানরাই বেশি সুবিধা পাবে বলে মাশরাফির ধারণা। বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ যত বড় মাঠেই খেলুক না কেন ওদের অনেক মিসহিট অনেক সময় ছয় হয়ে যায়। এই মাঠে সেটাতো আর ১২ হবে না। ছোট মাঠ বরঞ্চ আমাদের জন্যই পজিটিভ। কারণ মাঠ ছোট হওয়াতে আমাদের ব্যাটসম্যানদের জন্য সুবিধা বাড়বে। আমাদেরও ওই সুযোগগুলো (ছক্কা হাঁকানো) থাকবে। হয়তোবা বোলারদের জন্য চ্যালেঞ্জ একটু বেশি থাকবে। মাঠ ছোট হওয়াতে যেগুলোতে আউট হওয়ার ফিফটি ফিফটি চান্স থাকবে সেইগুলোতে হয়তোবা ছয় হয়ে যেতে পারে।’

ক্যারিবিয়ানদের সাথে বাংলাদেশের সাম্প্রতিক ওডিআই পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে দলের জন্য এটা বাড়তি কোনো অনুপ্রেরণা নয় বলেই মাশরাফি মনে করেন।