পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে আড়াই বছর আগে ব্রুনাইয়ে গিয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামের মৃত জয়নাল হাওলাদারের ছেলে শিপন হাওলাদার (৪৪)। কিন্তু বিধি বাম। ১১ মাস আগে হূদেরাগে আক্রান্ত হয়ে ব্রুনাইয়ের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে লাশ হয়ে পড়ে আছেন প্রবাসী শিপন। পরিবারের সামর্থ্য না থাকায় ব্রুনাই থেকে লাশও দেশে আনতে পারছে না তার পরিবার।
শিপন হাওলাদারের স্ত্রী খোরশেদা বেগম ও মেয়ে মীম আক্তার জানান, পরিবারের অভাব-অনাটন দূর করতে আড়াই বছর আগে এনজিও ও স্থানীয়দের কাছ থেকে ঋণ নিয়ে ব্রুনাই গিয়েছিলেন শিপন। সেখানে তিনি ঘাস কাটার কাজ করতেন। গত জানুয়ারিতে হঠাত্ হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে ব্রুনাইয়ের রিপাচ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার চিকিত্সার জন্য ফের ঋণ করে শিপন হাওলাদারের ভাগনে ব্রুনাইপ্রবাসী লালনের কাছে বাংলাদেশ থেকে দেড় লাখ টাকা পাঠানো হয়।
গত ৩০ জানুয়ারি চিকিত্সাধীন অবস্থায় মারা যান শিপন। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেলেও মৃতদেহ ফিরে পাওয়ার অপেক্ষা শেষ হচ্ছে না। জানা গেছে, গত ১১ মাস ধরে ব্রুনাইয়ের রিপাচ হাসপাতালে তার লাশ পড়ে থাকলেও সামর্থ্য না থাকায় আনতে পারছে না পরিবার। শিপনের মরদেহ শেষ বারের মতো দেখতে এবং জন্মভূমিতে দাফন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিসহ প্রবাসী কল্যাণ ব্যুরোর হস্তক্ষেপ কামনা করছে অসহায় পরিবারটি।

