জার্সিতে আবাসিক ভবন প্রাঙ্গণে বিস্ফোরণ, নিহত ৩

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ০৯:১৩

ইউরোপের জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। খবর বিবিসি ও রয়টার্স।

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, জার্সির সেন্ট হেলিয়ারের পিয়ার রোডে অবস্থিত আবাসিক ভবন প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সেখানে উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হতে সময় লাগবে বলে জানায় পুলিশ।

জরুরি সেবা থেকে বলা হয়, বিস্ফোরণের পর সেখানে বড় আকারে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধ্বংসস্তুপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা রবিন স্মিথ বলেন, বিস্ফোরণের পর ৩ তলার একটি ভবন ধসে পড়েছে। ঘটনাস্থল থেকে ২০ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, ব্রিটিশ রাজার অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল জার্সি। সেখানে এক লাখের মতো মানুষের বসবাস।

ইত্তেফাক/এসকে