পুরনো রূপে রাজধানী

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫৭

বিএনপির সমাবেশের দিন শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানী অনেকটা গণপরিবহনশূন্য হয়ে পড়েছিল। সড়কে কমেছিল লোকজনের আনাগোনা। সমাবেশ শেষে গতকাল বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

আজ রোববার ঢাকার বিভিন্ন রাস্তায় পর্যাপ্ত গণপরিবহন চলতে দেখা গেছে। অনেকটা পুরনো রূপে ফিরেছে রাজধানীর সড়কগুলো।

রাজধানীর সড়কে সকল ধরনের যানবাহন চলতে দেখা গেছে। ছবি: সবুজ খান

সকাল থেকেই সড়কগুলোতে তুলনামূলক ব্যস্ততা দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে গণপরিবহন। যানবাহনের পাশাপাশি রাস্তায় মানুষজন অনেকটা আগের মতোই বাড়ছে। পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে স্বাভাবিক। ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পুলিশেরও কর্মতৎপরতা বেড়েছে।

রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর, ধানমন্ডি, মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, বেশিরভাগ রাস্তাতেই গণপরিবহন চলছে।

রাজধানীর সড়কে সকল ধরনের যানবাহন চলতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ডিএমপির কয়েকটি জোনের ট্রাফিক বিভাগে কথা বলে জানা যায়, গত কয়েকদিন রাজনৈতিক কর্মসূচির কারণে সড়কে গাড়ির চাপ কম ছিল। আজ সকাল থেকে সড়কে বিভিন্ন গাড়ির চাপ রয়েছে। আগের মতো সড়কে গাড়ির সংখ্যা দেখা যাচ্ছে।

এর আগে, শনিবার বেলা ১১টায় রাজধানীর গোলাপবাগে মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। এই সমাবেশের দু'দিন আগে বৃহস্পতিবার থেকে ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল কমে যায়। আর শুক্রবার ও শনিবার দূর পাল্লার বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

ইত্তেফাক/এসকে