গণমাধ্যম এড়িয়ে বিপাকে লঙ্কানরা

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:২১

স্পোর্টস ডেস্ক

নিয়ম অনুযায়ী বিশ্বকাপের ম্যাচ শেষে কোনো দলের কমপক্ষে দুজন গণমাধ্যমের মুখোমুখি হবেন। এর মধ্যে একজন যাবেন সংবাদ সম্মেলনে। আর দলের এক বা একাধিক সদস্য থাকবেন ‘মিক্সড জোন’-এ। ক্ষেত্র বিশেষে খেলোয়াড়দের জায়গায় কোচিং স্টাফ দলের কাউকে পাঠানোরও রেওয়াজ দেখা যায়।

তবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানের হারের পর এমন কোনো নিয়মেরই তোয়াক্কা করলো না শ্রীলঙ্কা ক্রিকেট দল। শনিবার রাতে হারের পর দলটির কেউই গণমাধ্যমের সামনে হাজির হননি। ফলে, স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত গণমাধ্যমকর্মীরা। এখানেই শেষ নয়, টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করায় নাখোশ হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও।

ম্যাচ শেষে আইসিসির একজন মুখপাত্র সাংবাদিকদের ঘটনার সত্যতা জানিয়ে বলেন, ‘হ্যাঁ, শ্রীলঙ্কান ক্রিকেটাররা জানিয়েছেন যে তারা কথা বলতে চান না। এ ব্যাপারে তাদের সাথে আইসিসি কথা বলবে।’ শোনা যাচ্ছে, টুর্নামেন্টের আয়োজক কমিটি দলটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এ ঘটনার একদিন আগেই শ্রীলঙ্কা দলের ম্যানেজার আসান্থা ডি মেল আইসিসির আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি উইকেটের ধরন, অনুশীলনের সুবিধা, পরিবহন ও আবাসন ব্যবস্থা নিয়ে প্রকাশ্যে আপত্তি জানিয়েছিলেন। তিনি শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় পত্রিকা ডেইলি নিউজকে বলেন, ‘এ বিশ্বকাপের বিশ্বের সেরা ১০টি দল অংশ নিচ্ছে। সবার প্রতি আচরণে একটা সমতা থাকা উচিত।’

শনিবার রাতে ওভালে টস জিতে আগে ব্যাট করে ফিঞ্চের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৩৪ রানের বিশাল স্কোর গড়েই জয়ের পথে এগিয়ে যায় দলটি। জয়ের জন্য ৩৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং আক্রমণে শেষ পর্যন্ত দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। মিচেল স্টার্ক আর রিচার্ডসনের বোলিংয়ে মাত্র ২৪৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ৮৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। মিশেল স্টার্ক চারটি, কেন রিচার্ডসন তিনটি ও প্যাট কামিন্স দুই উইকেট শিকার করেন। ম্যাচ সেরা নির্বাচিত হন টুর্নামেন্টে দ্বিতীয় সেঞ্চুরি করা অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এটা চতুর্থ জয়। পাঁচ ম্যাচ খেলা অস্ট্রেলিয়া মাত্র একটি ম্যাচে হেরেছে। এর ফলে সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন ফিঞ্চের দল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। আর এ ম্যাচে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেল লঙ্কানদের। কারণ দলটির সংগ্রহ ৫ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট।