বাকি সব ম্যাচ জিততে হবে

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:২২

ডু প্লেসিস

 স্পোর্টস রিপোর্টার

বড় দলগুলোর মধ্যে এবার বিশ্বকাপে সবচেয়ে বাজে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ছিল চোটের ধাক্কা, সঙ্গে ২২ গজে হতশ্রী পারফরম্যান্স। টানা তিন ম্যাচ হেরে বসেছিল তারা। ইংল্যান্ড, বাংলাদেশের পর ভারতের কাছেও হেরেছিল প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দক্ষিণ আফ্রিকা অবশেষে জয়ের রথে ফিরেছে। গত শনিবার কার্ডিফে প্রথম জয়ের স্বাদ পেয়েছে দলটি। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছে ফাফ ডু প্লেসিসের দল।

স্বস্তির জয়ের পর এখন সেমিফাইনালের সমীকরণে চোখ রাখছেন প্রোটিয়া অধিনায়ক। সেখানেও তার দলের জন্য অপেক্ষা করছে বন্ধুর পথ। বিশ্বকাপের লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার বাকি আছে আর চারটি ম্যাচ। সেমিতে খেলতে হলে বাকি চার ম্যাচই জিততে হবে বলে উল্লেখ করেছেন ডু প্লেসিস। আফগানদের বিপক্ষে জয়ের পর সংবাদ মাধ্যমকে তিনি এমনটাই বলেছেন।

পাঁচ ম্যাচে একটি জয়, তিনটি হার ও একটিতে পয়েন্ট ভাগাভাগি নিয়ে দক্ষিণ আফ্রিকার ঝুলিতে এখন ৩ পয়েন্ট। পরের চার ম্যাচেও তাদের প্রতিপক্ষ বেশ শক্তিশালী। শেষ চার ম্যাচে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে প্রোটিয়ারা। যেখানে তুলনামূলকভাবে শ্রীলঙ্কাই শুধু কিছুটা সহজ প্রতিপক্ষ। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার সেমির স্বপ্ন বেশ নড়বড়েই বটে।

শনিবার কার্ডিফে অবশ্য আফগানদের বিপক্ষে ভালোই খেলছে প্রোটিয়ারা। ইমরান তাহিরের বোলিংয়ে ৩৪.১ ওভারে ১২৫ রানে অলআউট হয় আফগানরা। জবাবে ডি ককের ৬৮, আমলার অপরাজিত ৪১ রানে এক উইকেটে ১৩১ রান তুলে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। যদিও ২৯তম ওভার পর্যন্ত খেলেছিল তারা।

এই জয়টা দলে আত্মবিশ্বাস ফেরাবে বলেই আশা করছেন ডু প্লেসিস। তিনি বলেছেন, ‘আশা করি এটি সত্যিই দলের সবাইকে জাগিয়ে তুলবে।’ সেমির সমীকরণ নিয়ে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘প্রতিটি ম্যাচই জিততে হবে আমাদের, যতগুলো ম্যাচ খেলব। আজকের জয়টা (শনিবার) সঠিক পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভালো পদক্ষেপ ছিল।’

ইনজুরির কারণে ডেল স্টেইনকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিদি হ্যামস্ট্রিংয়ের ব্যথায় সাইড বেঞ্চে বসে আছেন। কার্ডিফে শনিবার কয়েক দফা হানা দিয়েছিল বৃষ্টি। বড় বিরতিটা পড়েছিল আফগানদের ইনিংসের ২০ ওভারের পর। তখন তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৯ রান। বিরতির পর ম্যাচের দৈর্ঘ্য ঠিক হয় ৪৮ ওভার। ম্যাচ শুরু হতেই আফগানদের ব্যাটিং লাইনকে এলোমেলো করে দেন লেগ স্পিনার ইমরান তাহির। ২৯ রানে চার উইকেট নিয়েছেন তিনি। পরে ক্রিস মরিস ও ফেলুকওয়ায়ো গুটিয়ে দিয়েছেন আফগানদের ইনিংস।