স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো শুরুর পরেও আফগানিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে ম্যাচটা নয় উইকেটে হেরেছিল। ভালো শুরুটাকে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার হতাশায় পুড়ছে আফগানরা। দলের অধিনায়ক গুলবাদিন নাইব ও ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহীদী জানিয়েছেন এ অবস্থা থেকে উত্তরণে ব্যাটিংয়ে আরো উন্নতি করতে হবে দলটিকে।
শনিবার টসে হেরে ব্যাট করতে নেমে নতুন বলকে ভালোভাবে সামলে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও নুর আলি জাদরান। কিন্তু এরপর হঠাত্ই পথ হারায় তারা। দুই উইকেটে ৬৯ থেকে মুহূর্তেই স্কোরবোর্ডের চেহারা সাত উইকেটে ৭৭ হয়ে যায়। ইমরান তাহিরের ঘূর্ণিজাদুতে দিশেহারা হয়ে ১২৫ রানে অলআউট হওয়া আফগানরা ম্যাচটা হারে বড় ব্যবধানে।
আফগান ইনিংসে এমন মড়ক নতুন কিছু নয়। এর আগে গেল সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানের ওপেনিং জুটির পর চার রানের ব্যবধানে চার উইকেট হারায় দলটি। ফলে ব্যাপারটি বেশ ভাবাচ্ছে আফগানদের। দলের অধিনায়ক নাইব বলেন, ‘প্রত্যেকবারই আমি ব্যাটসম্যানদের স্নায়ু নিয়ন্ত্রণে রাখার কথা বলি। ব্যাট করতে নামলে শান্ত থেকে ক্রিকেট খেলা উচিত। সবাই যদি ভালো সংগ্রহ গড়তে সক্ষম হয় তবে বোলিংয়ে নেমে ভালো পুঁজি পেতে পারি আমরা।’
বিশ্বকাপে বাজে সময় কাটানো দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারার হতাশায় পুড়ছেন আফগান অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকা দারুণ দল কিন্তু তাদের শেষ তিন ম্যাচের দিকে তাকালে দেখবেন তারা ভালো খেলেনি। তাদের বিপক্ষে আমাদের ভালো সুযোগ ছিল, কিন্তু আমরা সেটা হেলায় নষ্ট করেছি।’ দলকে পুরো ৫০ ওভার খেলতে আহবান জানালেন আফগান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা পঞ্চাশ ওভারের খেলা খেলিনি কেননা আমরা সে পর্যন্ত টিকতে পারিনি। আমরা শেষ কয়েক বছরে অনেক ক্রিকেট খেলেছি বটে, কিন্তু এখন দলের উপর একটা চাপ আছে। আমরা টসে হেরে গিয়েছিলাম এরপর আমরা ঠিক দায়িত্ব নিয়ে খেলতে পারিনি। আর সেটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
ব্যাটসম্যান হাশমতউল্লাহ শহীদীর মতে ব্যাটিংয়ের সমস্যা সমাধান করতে পারলেই আবারো জয়ে ফিরতে পারবে দলটি। তিনি বলেন, ‘আমি বলতে পারি যদি আমরা ভালো ক্রিকেট খেলি তবে যে কোনো দলকে হারাতে পারি আমরা, কিন্তু এটা আমাদের ব্যাটিংয়ের উপর নির্ভর করে। আমরা বেশ সংগ্রাম করছি। আমরা টানা চার ম্যাচ হেরেছি, ফলে আমরা হতাশ। আমরা ফিরে আসার চেষ্টা করেছি কিন্তু কিছুই আমাদের মনমতো হচ্ছে না। আমাদের হাতে আরো পাঁচ ম্যাচ আছে।’
