স্পোর্টস রিপোর্টার
দেশের ফুটবলে বিদেশি খেলোয়াড়ের তালিকায় আবাহনীর নাইজেরিয়ান সানডে চিজোবা এখন সবচেয়ে ভালো খেলোয়াড়দের একজন। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলে আসা বসুন্ধরা কিংসের কলিন্দ্রেস ভালো মানের ফুটবলার হলেও খেলছেন প্রথম মৌসুম। সানডে খেলছেন আট মৌসুম। ঢাকার ফুটবলে এই আট মৌসুমে একটা রেকর্ড করে ফেলেছেন সানডে চিজোবা। প্রিমিয়ার ফুটবলে শত গোলের রেকর্ড তাঁর মাথায়।
তবে রেকর্ড নিয়ে ভাবছেন না এখন সানডে। তাঁর চোখে আবাহনীকে শিরোপা এনে দেওয়া এবং এএফসির কাপ ফুটবলে আবাহনীকে আরো ওপরে নিয়ে যাওয়াই বড় লক্ষ্য। শততম গোলের রেকর্ড পূর্ণ করেছেন রহমতগঞ্জের বিপক্ষে। শনিবার লিগের খেলায় আবাহনী ৫-২ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। সেখানেই শততম গোলের মাইলফলক ছুঁয়েছেন সানডে চিজোবা। ঢাকার মাঠে আর কোনো বিদেশি ফুটবলার শততম গোল করেননি। তবে দেশি ফুটবলারদের মধ্যে বাফুফের সভাপতি সাবেক তারকা স্ট্রাইকার আবাহনীর কাজী সালাহউদ্দিন প্রথমবার লিগে শততম গোলের রেকর্ড সৃষ্টি করেন। তাঁকে অনুসরণ করে আবাহনীর সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম শততম গোলের মুকুট মাথায় তোলেন। এরপর মোহামেডানের স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিব শততম গোলের গৌরব মাথায় তোলেন।
সানডে চিজোবা ঢাকার ফুটবলে মোহামেডানের হয়ে খেলতে শুরু করেছিলেন ২০১১-১২ মৌসুমে। সেবার ১২ গোল করেছিলেন। মুক্তিযোদ্ধায় ১৫ গোল, শেখ জামালে ৭, মুক্তিযোদ্ধায় ১৫, আবাহনীকে টানা তিন মৌসুমে ১০, ১৯ এবং ৯ গোলে করেন। এবার নিয়ে আবাহনীতে সানডের চতুর্থ মৌসুম। দেশি ফুটবলারদের মধ্যে এখন শততম গোলের পেছনে ছুটছেন মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি।
