রাসেলের খেলা অনিশ্চিত

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার, টনটন (ইংল্যান্ড) থেকে

বাংলাদেশের সঙ্গে খেলা অনিশ্চিত আন্দ্রে রাসেলের। ইনজুরির কারণে গতকাল নেটের অনুশীলনে দেখা যায়নি ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে। তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হয় ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের কাছে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, বাংলাদেশের বিরুদ্ধে রাসেল খেলবেন কি খেলবেন না সেটা ম্যাচের দিন সকালে তার অবস্থা বুঝে ঠিক করা হবে।

জানিয়ে রাখা যেতে পারে, আন্দ্রে রাসেলকে নিয়ে দুর্ভাবনার কথা জানিয়েছিলেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস। সেই রাসেল অনুশীলনে না থাকায় তার ফিটনেস নিয়ে সন্দেহ আরো বেড়ে যায়। ইংল্যান্ডের সঙ্গে সাউদাম্পটনের ম্যাচেও তিনি ইনজুরি নিয়ে খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলিং করেছিলেন। আজ যদি রাসেল ফিটনেসের পরীক্ষায় উত্তীর্ণ না হন সেটা বাংলাদেশ বোলারদের কিছুটা হলেও স্বস্তির কারণ হবে। গতকাল সংশয় ছিল ওয়েস্ট ইন্ডিজের আরেক ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইলকে নিয়েও। গতকাল টিমের সঙ্গে অনুশীলনে থাকলেও নেটে ব্যাটিং অনুশীলন করেননি গেইল।