জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ‘আটক’ করা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত থেকে ভোরের মধ্যে কোনো একসময় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে নিয়ে যাওয়া হয়।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে জানান, মধ্যরাতে উত্তরার একটি বাসা থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, তার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও গাড়ির ড্রাইভারকেও নিয়ে যাওয়া হয়েছে।
অপর একটি সূত্র বলছে, তাকে রাজধানীর মিন্টো রোডে পুলিশ কার্যালয়ে নেওয়া হতে পারে। কী অভিযোগ বা কেনো তাকে নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি দেয় বিএনপি। একই দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই আন্দোলনের ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অস্থির করে তুলেছে। এজন্যই তারা জামায়াতের আমিরকে তুলে নিয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন। সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।
