ধলেশ্বরী নদী দূষণ: ৫ শিল্প প্রতিষ্ঠানের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৯:৩২

অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পার্শ্ববর্তী ধলেশ্বরী নদী দূষণ করায় সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে (ট্যানারী) অবস্থিত পাঁচটি প্রতিষ্ঠানের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ ট্যানারীগুলোর সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার। 

তিনি জানান, পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধলেশ্বরী নদী দূষণ করায় সাভারের হেমায়েতপুরে অবস্থিত বিসিক চামড়া শিল্প নগরীতে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে মেসার্স জহির ট্যানিং ইন্ড্রাস্ট্রি, এস এন্ড এস ট্যানারী, ইসমাইল লেদার, মেসার্স মমতাজ ট্যানারী ও মেসার্স লিয়েন এন্টারপ্রাইজ নামের পাঁচটি ট্যানারীর পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণের পাশাপাশি ট্যানারীসমূহের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


 
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, এটি আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এই ধরনের নদী ও পরিবেশ দূষণকারী ট্যানারীসমূহের বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম অব্যাহত থাকবে। 

পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব ও পরিদর্শক প্রতীক ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/পিও