‘শুধু দেশে উত্পন্ন যন্ত্র দিয়ে কৃষি যান্ত্রিকীকরণ সম্ভব নয়’

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৩৮

ইত্তেফাক রিপোর্ট ­­­­­­

শুধু দেশে উত্পন্ন যন্ত্র দিয়ে কৃষি যান্ত্রিকীকরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক । তিনি বলেন, বিদেশি যন্ত্র আনা এবং সেসব যন্ত্রের খুচরা যন্ত্রাংশ আমাদের দেশে তৈরি করা যায় কি না দেখতে হবে। কৃষিমন্ত্রী গতকাল রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রমিক সংকট নিরসন এবং কৃষি উত্পাদনশীলতা ধরে রাখতে হলে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এ ক্ষেত্রে কৃষকরা সমবায় ভিত্তিক কৃষিযন্ত্র ক্রয় করতে পারেন। এসব যন্ত্র সম্পর্কে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। উদ্ভাবন বা নতুন আবিষ্কার এমন হতে হবে যেন তা ক্ষুদ্র ও মাঝারি কৃষক সহজে ব্যবহার করতে পারেন। এছাড়া যে দেশ থেকেই যন্ত্রপাতি আনা হোক না কেন তার বিক্রয়োত্তর সেবা, খুচরা যন্ত্রাংশর দিক বিশেষ নজর দিতে হবে। স্বাধীনতা পরবর্তী জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমি হ্রাসের পরেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন যান্ত্রিকীকরণের ফসল, যদিও সবরকম যান্ত্রিকীকরণ আমরা শুরু করতে পারিনি। দেশে এখনো অধিকাংশ জমিতে লাঙল-জোয়াল ছেড়ে যন্ত্রের মাধ্যমে চাষ হচ্ছে। আমরা অচিরেই শতভাগ যান্ত্রিকীকরণে যাচ্ছি ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মীর নুরুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান এবং কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রায় ২০ জন প্রতিনিধি।