রুশ অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। অঞ্চলটিতে নিযুক্ত রুশ কর্মকর্তা দাবি করেছেন, ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা। আজ বৃহিস্পতিবার সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অঞ্চলটিতে বর্তমানে দুই দেশের বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে অঞ্চলটিতে মস্কো নিযুক্ত মেয়র আলেক্সি কুলেমজিন বলেন, ঠিক সকাল ৭ টায় দোনেৎস্কের কেন্দ্রবিন্দুতে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। তিনি এই হামলাকে ২০১৪ সালের পর সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছেন।
আলেক্সি কুলেমজিন আরও বলেছেন, ইউক্রেনীয়রা বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।
হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছবি শেয়ার করেছেন এই মেয়র। তবে এই হামলার হতাহতের ঘটনা ঘটছে কি না- তা নিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে কিছু বলা হয়নি।
২০১৪ সাল থেকে দোনেৎস্ক অঞ্চল রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দখল করে আছে। চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৯৫ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।
এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।
