ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদে গণছিনতাই আহত ১০

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৬

ময়মনসিংহ প্রতিনিধি ও গফরগাঁও সংবাদদাতা

ময়মনসিংহে যাত্রীবাহী কমিউটার ট্রেনের ছাদে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহের ফাতেমানগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহত ময়মনসিংহের সদর উপজেলার চরবড়বিলা গ্রামের শাহীন জানান, ছিনতাইকারীদল তার দুইটি মোবাইল সেট ও সঙ্গে থাকা এক হাজার দুইশ টাকা ছিনিয়ে নেয়। টাকা দিতে দেরি করার কারণে রামদার উল্টাপিঠ দিয়ে এলোপাতাড়ি পেটায় তাকে। ছিনতাইকারী দল গফরগাঁও ও ফাতেমানগর স্টেশন থেকে যাত্রীবেশে ট্রেনের ছাদে ওঠে। ছিনতাই শেষে ময়মনসিংহ স্টেশন থেকে ১০০ গজ দূরে চলন্ত ট্রেন থেকে থেমে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, আহতদের থানায় মামলা দিতে বলেছিলাম। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি।