কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার বিদ্যালয়টির চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, আমাদের শ্রদ্ধেয় স্যার জগদীশ চন্দ্র হালদারকে মিথ্যা অপবাদ দিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি অবৈধভাবে বহিষ্কার করেছে। যে পর্যন্ত আমাদের স্যারকে ক্লাস করার অনুমতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাবো।
উল্লেখ্য, গত ২৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগ এনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষক জগদীশ চন্দ্র হালদারকে সাময়িক বহিষ্কার করেন।
শিক্ষক জগদীশ চন্দ্র হালদার বলেন, এটি আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আমি প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো প্রকার কটূক্তি করিনি।
