নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের জীব বিজ্ঞান বিষয়ের শিক্ষক প্রদেশ কুমার মল্লিককে এক ছাত্রীর অভিভাবক লাঞ্ছিতের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার ছাত্ররা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখে। পরে বিদ্যালয়ের শিক্ষক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তত্পরতায় রাস্তা থেকে ছাত্রদের স্কুলে ফিরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে ওই ছাত্রীর অভিভাবক মঈনউল্লাহ দুলু বলেন, ছাত্র-ছাত্রীদের গায়ে শিক্ষকের হাত তোলার কোনো নিয়ম নেই। ওই শিক্ষক প্রাইভেট কোচিং সেন্টারে অনেক ছাত্র-ছাত্রীর মাঝে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। আমার মেয়ে বাড়িতে এসে জানালে তখন ওই শিক্ষককে ধরে নিয়ে থানায় দেওয়ার চেষ্টা করি। পরে স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসা করে দেন। তবে ওই শিক্ষককে মারধর করা হয়নি।
এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, দুই পক্ষকে ডেকে বিষয়টি মীমাংসা করা হয়েছে। এছাড়া ওই সময়ে ব্যবহূত ঠিকাদার এমএম রেজাউল আলমের লাইসেন্সকৃত পিস্তলটি সদর থানায় জমা রাখা হয়েছে।
এদিকে সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন প্রকাশ্যে পিস্তল বের করে হুমকির বিষয়ে বলেন, এ ধরনের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
