সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪৮

দাকোপে ভদ্রা নদীতে নেটপাটা অপসারণ দাবি

দাকোপ (খুলনা) সংবাদদাতা দাকোপের ভদ্রা নদীতে ইজারার নামে লবণপানি উত্তোলন এবং আড়াআড়ি নেটপাটা দিয়ে পানি সরবরাহের প্রতিবন্ধকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০টায় ভদ্রা নদীর জাইকা ব্রিজের উপর পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল।

বাঘা সীমান্তে হেরোইনসহ চোরাকারবারি গ্রেফতার

বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘা সীমান্তের শীর্ষ চোরাকারবারি ইদ্রিশ মোল্লাকে হেরোইনসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মহদীপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বাঘা থানার এসআই আব্দুল করিম জানান, ইদ্রিশ মোল্লা পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে তিনভাই পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয়  নিয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর মধ্যে শনিবার সন্ধ্যার পর  ইদ্রিশ মোল্লা তার পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের আজাহার মুন্সির আমবাগান ঘেরাও করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে একশ’ গ্রাম হেরোইন পাওয়া যায়।  ওসি মহাসীন আলী জানান, ইদ্রিশ মোল্লার নামে বাঘা থানায় অস্ত্র, মাদক, চোরাচালান ও মারামারিসহ মোট সাতটি মামলা রয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তানোরে পুকুর খনন বন্ধে অভিযান

তানোর (রাজশাহী) সংবাদদাতা  তানোরে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু। শনিবার উপজেলার কামারগাঁ ইউনিয়নের লোবাতোলা ব্রিজ এলাকার নেজামপুর মৌজায় এ অভিযান চালানো হয়। এসময় অভিযানের খবর পেয়ে পালিয়ে যান অবৈধভাবে পুকুর খননকারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় বাগমারা উপজেলার গিয়াস এবং করিম নামে দুই মালিকের এক্সেভেটরের আটটি ব্যাটারি জব্দ করা হয়। ইউএনও নাসরিন বানু জানান, আইন অমান্য করে যারা পুকুর খনন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি এবং পুকুর খননকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

ফুলবাড়িতে মাদক ব্যবসায়ী আটক

ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা ফুলবাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে শনিবার সন্ধ্যায় ৮০০ পিস ভারতীয় বুপ্রেনোরফাইন ইঞ্জেকশনসহ হাফিজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হাফিজুল ইসলাম বিরামপুর উপজেলার মাহামুদপুর ইউনিয়নের পলিখিয়ারপাড়া গ্রামের আনছার আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, একটি বাজার ব্যাগে থাকা চারটি পলিথিন ব্যাগ থেকে ৮০০ পিস বুপ্রেনোরফাইন ইঞ্জেকশনসহ হাফিজুল ইসলামকে আটক করা হয়েছে। রবিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

অভয়নগরে খাল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) সংবাদদাতা উপজেলার মহাকাল গ্রামের আমডাঙ্গা খাল থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা লাশটিকে খালে ভাসতে দেখে খবর দিলে অভয়নগর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, লাশটি খালে ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে জানালে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে লাশ খালে ফেলে দিয়েছে।

ফরিদপুরে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা উপজেলার ফায়ার সার্ভিস অফিসের পেছন থেকে শনিবার রাতে ইয়াবা ব্যবসায়ী আলামিন হোসেনকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

আলামিন হোসেন উপজেলার বেড়হাউলিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছেন এবং ফরিদপুর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ফরিদপুর থানার এএসআই শাহীন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলেন এএসআই।

বিরামপুরে ফেনসিডিলসহ আটক দুই

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর থানা পুলিশ রবিবার পৃথক স্থানে অভিযান চালিয়ে ১২২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে পৃথকভাবে একটি ট্রাক ও একটি পিকআপ আটক করে পুলিশ। এ সময় পিকআপ থেকে ৭২০ বোতল এবং ট্রাক থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ সাকিরুল ইসলাম (সাকিব) ও লিটন ইসলাম নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

 

 

০