ফাইনালের ভেন্যুতে নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:৪৩

কাতার বিশ্বকাপ চলাকালে এরই মধ্যে দুজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। এবার জানা গেল, বিশ্বকাপ চলাকালে এক জন নিরাপত্তাকর্মীও মৃত্যুবরণ করেছেন। তার নাম জন কিবু। বাড়ি কেনিয়ায়। ২৪ বছর বয়সি জন কিবু নাকি মারা গেছেন গত ৯ ডিসেম্বর। এত দিন খবরটা গোপন রাখা হলেও এবার তা বেরিয়ে পড়েছে। 

জানা গেছে, স্টেডিয়ামের একটু উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মারা গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে দোহার লুসাইল স্টেডিয়ামে, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার সেই উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের দিন। সেই লুসাইল স্টেডিয়ামে, যেখানে আগামী রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল। আর ফাইনালের এক দল সেই আর্জেন্টিনা। যারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের। 

ফাইনালের ভেন্যুতে নিরাপত্তাকর্মীর মৃত্যু, স্বাভাবিকভাবেই খবরটি প্রকাশের পর বিতর্ক শুরু হয়ে গেছে। তবে আয়োজক কাতারের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে জানানো হয়েছে সমবেদনা। কিন্তু মৃত ব্যক্তির পরিবার মুখের সমবেদনা গ্রহণ করতে রাজি নয়। তারা মৃত্যুর কারণ জানতে চায়, ‘আমরা অবশ্য এর উত্তর চাই। আমাদের পক্ষে এই মৃত্যু মেনে নেওয়া সম্ভব নয়। ’

ইত্তেফাক/জেডএইচ