আবির মাহমুদ খবির
বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত বিশ্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে; কিন্তু কিছু দুর্নীতিপরায়ণ মানুষের ব্যক্তিস্বার্থের কবলে পড়ে বাংলাদেশ উন্নত বিশ্ব থেকে ছিটকে পড়ছে। বর্তমান বাংলাদেশের প্রায় প্রতিটি সেক্টরেই দুর্নীতি হচ্ছে। সরকারের বড় কর্মকর্তারা নিজের গদিতে বসে অহরহ দুর্নীতি করেই যাচ্ছে। কেউ তাদের বাধা দিতে পারছে না। একটি দেশে দুর্নীতি থাকলে সেই দেশ কখনোই উন্নয়নের পথে ধাবিত হতে পারবে না। অনেকের ধারণা দেশের যোগ্য ব্যক্তিদের সরকারের বড় চাকরিতে স্থান না দিয়ে অযোগ্য ব্যক্তিদের স্থান দেওয়া হচ্ছে। অযোগ্য ব্যক্তিরা দেশের গুরুত্বপূর্ণ জায়গায় বসে নিজেদের দায়িত্বকর্তব্য সঠিকভাবে পালন করতে পারে না। এতে দেখা যায় দেশের উন্নয়নের কাজের ঘাটতি। বাংলাদেশকে নিয়া আমরা অনেক স্বপ্ন দেখি। আমরা আজও বিশ্বাস করি, একদিন বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত হবে। সেই দিন খুব বেশি দূরে নয়। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সক্ষমতা বাংলাদেশের আছে; কিন্তু দুর্নীতির কবলে পড়ে সেই সক্ষমতাটুকুও আমরা কাজে লাগাতে পারছি না। একটি দেশের মূল চালিকাশক্তি হচ্ছে সরকার। বাংলাদেশ সরকার দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে না। তবে সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষকে হতে হবে সচেতন। হতে হবে শিক্ষিত জাতি। দেশের প্রতিটি মানুষ নিজ অবস্থান থেকে সত্ থাকলে দুর্নীতি বাংলাদেশকে কখনই গ্রাস করতে পারবে না। দেশের বর্তমান সরকারের প্রতি অনুরোধ থাকবে— আপনারা বাংলাদেশের সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধের কঠোর ব্যবস্থা নিন। দুর্নীতি পুরোপুরি বন্ধের মাধ্যমেই বাংলাদেশ হয়ে উঠবে সোনার বাংলাদেশ এবং উন্নত দেশে পরিণত হবে। দেশকে এগিয়ে নিতে চাইলে আমাদের প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিকে বিদায় জানিয়ে দেশের অগ্রগতি সাধনে তত্পর হতে হবে।
n লেখক : শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
