ইতালির মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় দিবসটি পালন করা হয়।
দিবসের প্রথম প্রহরে কনস্যুলেটের সব কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করেন মিলানোস্থ কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ।
অপরাহ্ণে কনস্যুলেট হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা ও দোয়া মাহফিল পর্ব শুরু হয়।
এ সময় আওয়ামী লীগ ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপস্থিত সবাই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নীরবতা পালন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কনসাল সাব্বির আহমেদ , ভাইস কনসাল এ. এস. এম. তাজ-উল-ইসলামসহ কনস্যুলেট কর্মকর্তারা। অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদানকে গভীরভাবে স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে বাংলাদেশের মুক্তিকামী মানুষ সর্বদাই সজাগ থাকবে।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। এছাড়া বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শ্রম কনসাল সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মিলান লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আকরাম হোসেন, মিলান সিটি কর্পোরেশনে নির্বাচিত কাউন্সিলর বিবাস চন্দ্র কর, মিলান বাংলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার, মিলানস্থ জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএল-এর ব্যবস্থাপক এমডি শাহাদাত হোসেনসহ উত্তর ইতালির বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও সার্বভৌম বাংলাদেশের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিপামন্তি ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা কবির আহমেদ।
