করমুক্ত আয়সীমা বাড়ানো হোক

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৫৪

গত ১৩ জুন জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করা হয়েছে। এবারও প্রত্যাশা করেছিল করমুক্ত আয়সীমা বাড়বে। বিগত পাঁচ বছরে কর আদায় ও বাজেটের আকার প্রায় দ্বিগুণ হয়েছে। সরকারের নিবন্ধিত ই-করদাতা ৪০ লাখ, অথচ নিয়মিত আয়কর দাখিল করে মাত্র ১৮ লাখ করদাতা। বিগত বছরগুলোতে মুদ্রাস্ফীতির পরিমাণ গড়ে সাড়ে পাঁচ শতাংশ। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে কয়েকগুণ, ক্রয়ক্ষমতা বেড়েছে, গড় আয়ু বেড়েছে অথচ করমুক্ত সীমা বিগত পাঁচ বছর ধরে ২.৫০ লাখ টাকায় স্থির আছে। যার মাসিক আয় ২০, ৮৩৩ টাকা, তাকেও বাধ্যতামূলকভাবে আয়কর দিতে হবে। ফলে আয়করের আওতায় আসবে অনেক চতুর্থ শ্রেণির কর্মচারী, রাজমিস্ত্রি, অনেক গার্মেন্টসকর্মীও। সরকারের নিবন্ধিত ২২ লাখ ই-করদাতা আয়কর দাখিল করেন না। অথচ সরকার নিবন্ধিত ১৮ লাখ করদাতার কাছ থেকে ২২ লাখ করদাতার আয়কর বিগত পাঁচ বছর ধরে চাপিয়ে দেওয়া হচ্ছে! সুসম আয়কর ব্যবস্থা সকলের প্রত্যাশা। সুতরাং উল্লিখিত বিষয়গুলো বিবেচনা করে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকায় উন্নীত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জিল্ল­ুর রহমান

সতীশ সরকার রোড,

গেণ্ডারিয়া, ঢাকা