উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার

নেত্রকোনার এমপি ওয়ারেসাত বেলালের বিরুদ্ধে ইসির মামলা

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৫৬

উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের এমপি ওয়ারেসাত হোসেন বেলালের (বীর প্রতীক) বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার দুপুরে পূর্বধলা থানায় নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা ও পূর্বধলা উপজেলার রিটার্নিং কর্মকর্তা আব্দুল্ল্যাহ-আল-মোহাসিম বাদী হয়ে ঐ মামলা দায়ের করেন। আগামীকাল মঙ্গলবার পঞ্চম ধাপে ২১ উপজেলার সাথে পূর্বধলা উপজেলার ভোট অনুষ্ঠিত হবে। ভোটের দুইদিন আগে প্রথম কোনো এমপির বিরুদ্ধে মামলা করলো ইসি।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ইত্তেফাককে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে সংশ্লিষ্ট এমপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রভাব বিস্তার ও আচরণবিধি      ভঙ্গের অভিযোগে ঐ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ইসির নির্দেশ অমান্য করায় এবার মামলা করা হলো।

পূর্বধলার ওসি মোহাম্মদ তাওহিদুর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন কমিশন থেকে মামলার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রথম ধাপে ভোটের প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম তালুকদার টিপুর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেন এমপি বেলাল। উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) জাহিদুল ইসলাম সুজন এ বিষয়ে লিখিতভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করেন। নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা অব্যাহত রাখায় পূর্বধলার উপজেলা নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় ইসি। ভোটকে সামনে রেখে প্রভাব খাটানোর অভিযোগে নির্বাচন স্থগিত হওয়ার পর ইসির একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্তে সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ার প্রতিবেদন পেয়েই ঐ এমপির বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় কমিশন। এ বিষয়ে এমপি ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এবারের উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার ও আচরণ বিধিভঙ্গের অভিযোগে প্রায় তিন ডজন এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় কমিশন। এলাকা ছাড়ার নির্দেশনার পরও আচরণ বিধি প্রতিপালনের জন্য জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

ভোটের তিনদিন আগে নৌকা প্রার্থীর প্রার্থিতা বাতিল :বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি কাজে বাধা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রেজবি-উল-কবির জমাদ্দারের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত শনিবার রাতে তার প্রার্থিতা বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান। গত ১২ ও ১৩ জুন আওয়ামী লীগ প্রার্থী বিভিন্নভাবে সরকারি কাজে বাধা ও আচরণবিধি লঙ্ঘন করেন। এ কারণে ইসি তার প্রার্থিতা বাতিল করেছে।