ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা ভারত-বাংলাদেশ তথা দুই দেশের সম্পর্ক অনেক গভীর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দু’দেশের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যেতে হবে। উভয় দেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি সবদিক থেকে বিবেচনা করলে দু’দে সম্বন্ধ অনেক নিবিড়। আমরা এক সঙ্গে অনেক কিছু করেছি। আরো অনেক কিছু করতে হবে। তিনি গতকাল রামগড়ে স্থলবন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন। সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, সহকারী হাইকমিশনার নবনিতা চক্রবর্ত্তী প্রমুখ। ‘রামগড়-সাব্রুম স্থলবন্দর
বাণিজ্যে প্রসার ঘটাবে’
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, গতকাল ভারতীয় হাইকমিশনার রামগড়-সাব্রুম স্থলবন্দরের স্থান ও ফেনী নদীর ওপর নির্মাণাধীন বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, স্থলবন্দর চালু হলে বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। রামগড়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলীকে স্বাগত জানান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেল প্রশাসক মো. শহিদুল ইসলাম, ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তারিবুল হাকিম, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সালাহউদ্দিন প্রমুখ। তিনি ঐতিহ্যবাহী মহামুনি বৌদ্ধ বিহারও পরিদর্শন করেন। পরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিল্পীদের পরিবেশনায় এক নৃত্যানুষ্ঠান উপভোগ করেন তিনি।
