ইমরান খানের দ্বান্দ্বিক অবস্থানে দেশটির রাজনৈতিক উত্তেজনা যেন ক্রমেই প্রকট হচ্ছে। পাকিস্তানে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এই পরিস্থিতিতে পাকিস্তানের দু’টি প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার তারিখ ঘোষণা করেছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনটিতে বলা হয়, শুক্রবার (২৩ ডিসেম্বর) পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার বিধানসভা ভেঙে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। শনিবার (১৭ ডিসেম্বর) লাহোরে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।
এসময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে বলেছেন, অন্যথায় দেশ ডুবে যেতে পারে। এসময় ইমরানের সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ এলাহি ও খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মেহমুদ খান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাকিস্তানের এই দুই প্রাদেশিক পরিষদে ইমরানের দল পিটিআই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ। মেয়াদ শেষ হওয়ার আগেই বিধানসভা ভেঙে দেওয়ার কারণও জানিয়েছেন ইমরান।
তিনি বলেছেন, 'আমরা বিধানসভা ভেঙে দিলেই এই দুই প্রদেশে নতুন করে নির্বাচন করব।' পিটিআইয়ের ১২৫ সদস্য পাকিস্তানের জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন।
