নরসিংদীর রায়পুরায় জোবেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে আহত করেছে তারই নিজের ছেলে! বর্বরোচিত এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার উওরবাখরনগর ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেছেন প্রতিবেশী ও স্বজনরা। আহত জোবেদা বেগম গ্রামের মৃত নূরুল ইসলামের স্ত্রী। বর্তমানে অসহায় এই মা হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন ।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৬ নং বেডে চিকিত্সাধীন ভুক্তভোগী এই নারী ইত্তেফাককে জানান, প্রায় এক বছর আগে তার ছোট ছেলে সাহিন উল্লাহ (২৫) বিদেশ থেকে বাড়ি আসেন। টিনসেড বাড়ির দুটি কক্ষে ছেলে সাহিনের পরিবার ও তিনি পাশাপাশি থাকেন। পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে সাহিন মাকে প্রায়ই নির্যাতন করতেন। এক পর্যায়ে ছেলের নির্যাতন সহ্য করতে না পেয়ে স্বামীর ভিটা ছেড়ে এ বাড়ি ও বাড়িতে থাকা শুরু করেন জোবেদা। ঈদের আগের দিন বৃদ্ধা বাড়ি ফিরে এলে আবার নির্যাতন শুরু হয়। শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গর্ভধারিণী মার চোখে মুখে বুকে ও মাথায় কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন ছেলে সাহিন উল্লাহ। প্রতিবেশীরা এসে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
জানতে চাইলে অভিযুক্ত সাহিন উল্লাহর বড় ভাই সাফি উল্লাহ বলেন, ‘মাকে মারপিট করার সময় আমি ও আমার স্ত্রী রনি বেগম বাধা দিলে সে আমাদেরও মারধর করে। সে প্রায়ই মাকে মারধর করে। তার ভয়ে আমার মা অন্যের বাড়িতে থাকেন। আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই। ’
ঘটনার পর থেকে অভিযুক্ত সাহিনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর নামে থানায় জিডি করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন জোবেদার স্বজনরা।
