মাংসের ঝোল চাওয়ায় গ্রাহককে গরম তেলে ধাক্কা, গ্রেফতার ১  

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৫:৫৮

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে হোটেলে বিরিয়ানির সঙ্গে অতিরিক্ত ঝোল চাওয়ায় শ্রী মিঠুন বাঁশফোর (২৩) নামের এক হরিজন সম্প্রদায়ের যুবককে ধাক্কা দিয়ে গরম তেলের কড়াইয়ে ফেলে দেওয়ায় ঘটনায় রবিবার (১৮ ডিসেম্বর) ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাসুদ রানা পার নওগাঁর খলিফা পাড়ার রমজান আলীর ছেলে।

উল্লেখ্য, রাজশাহী থেকে মিঠুন বাঁশফোর আদমদীঘির মাঝিপাড়া পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসে। রোববার সন্ধ্যায় সান্তাহার এশিয়া হোটেলে মিঠুন বাঁশফোর ও তার সঙ্গীরা বিরিয়ানি কিনতে গিয়ে মাংসের ঝোল বেশি চাওয়ায় হোটেল কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জনৈক হোটেল কর্মচারী মিঠুন বাঁশফোরকে ধাক্কা দিলে কড়াইয়ে থাকা ফুটন্ত গরম তেলে সে পড়ে যায়। এতে তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত পুড়ে ঝলসে যায়। এ ঘটনায় মিঠুন বাঁশফোরের ভাই কালুয়া বাঁশফোর বাদী হয়ে মাসুদ রানা ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, মারপিটের ঘটনায় থানায় মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ রানাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এআই