শাহরুখের চোখে সেরা বিশ্বকাপ কোনটি?

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৬:২০

বিশ্বকাপের উন্মাদনায় পিছিয়ে নেই দেশ-বিদেশের তারকারাও। এ তালিকায় রয়েছেন শাহরুখ খানের নামও। ১৮ ডিসেম্বর লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্সের ম্যাচে সরাসরি উপস্থিত ছিলেন শাহরুখ খান। পুরো সময়জুড়েই ছিল শ্বাসরুদ্ধ পরিবেশ, খেলা উপভোগ করেছেন তিনি।

খেলা দেখে শাহরুখ ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘আমার দেখা এখন পর্যন্ত সেরা এবারের বিশ্বকাপ ফুটবল ম্যাচ। শৈশবে মায়ের সঙ্গে বসে খেলা দেখতাম। তখন ছোট টেলিভিশন ছিল। এখন আমি সন্তানদের সঙ্গে খেলা দেখি—সেই একই উচ্ছ্বাস, উত্তেজনা কাজ করে। সবশেষে এবারের চমক দেখানোর জন্য মেসিকে ধন্যবাদ। আমাদের সবার বিশ্বাস ছিল, এই (মেসি) মেধাবী, পরিশ্রমী, স্বপ্নবাজ খেলোয়াড়ের হাতেই যাবে বিশ্বকাপ।’

ছবি: সংগৃহীত

বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর ‘পাঠান’ সিনেমার প্রচারণা নিয়ে। সেই সিনেমার প্রচারে গত রবিবার সন্ধ্যায় হাজির হয়েছিলেন স্পোর্টস ১৮–এর অতিথি হয়ে। সেখানেও শাহরুখের মুখে ঘুরে ফিরে আসে ফুটবল খেলা।

অনুষ্ঠান সঞ্চালক এবং ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েন রুনির সঙ্গে বিশ্বকাপ ফুটবল নিয়ে জমিয়ে আড্ডা দেন শাহরুখ। এই সময় আলোচনায় তিনি মেসির বিদায় নিয়েও প্রশ্ন তোলেন।

শাহরুখ বলেন, ‘আমি মোটেই মনে করি না, মেসির বিদায় নেওয়ার সময় হয়েছে। তার বয়স সবেমাত্র ৩৫ বছর। এই বয়সে রোনাল্ডোও খেলেছেন।’

ইত্তেফাক/বিএএফ