কিশোর মুর্তজাকে মৃত্যুদণ্ড দিচ্ছে না সৌদি আরব

আপডেট : ১৬ জুন ২০১৯, ২২:০১

সৌদি আরবে কিশোর মুর্তজা কুরেইরিসের মৃত্যুদন্ড হচ্ছে না। ২০২২ সালে তাকে মুক্তি দেওয়া হবে বলে দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। গনতন্ত্রের দাবিতে বিক্ষোভ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় ১৯ বছরের কিশোরকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল। সমালোচনার মুখে সেই দন্ড বাতিল করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর রয়টার্স ও আল-জাজিরার

২০১৪ সালে ১৩ বছর বয়সে মুর্তজাকে গ্রেপ্তার করেছিল নিরাপত্তা বাহিনী। তাকে ১২ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল। বয়স অল্প হওয়ায় চার বছর ক্ষমা করা হয়। সেই হিসেবে ২০২২ সালে তার কারাদন্ডের মেয়াদ শেষ হবে। সরকার বিরোধী কর্মকান্ডে অংশ নেওয়ার অপরাধে কুরেইরিসের মৃত্যুদন্ডাদেশ দিয়েছে সৌদি আদালত। তবে মুর্তজা কুরেইরিসকে মুক্তি দেয়ার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অভিযোগ আছে, মুর্তজাকে গ্রেফতারের পর থেকে পরবর্তী চার বছরে কোনো আইনজীবীর সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। তাকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন দেখিয়ে এবং অত্যাচার করে অপরাধ স্বীকার করার জন্য চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে       আনা অভিযোগে বলা হয়, আরব বসন্তের সময় ২০১১ সালে মুর্তজার ভাই আলী মুর্তজা থানায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছিলেন এবং সে সময় ভাইয়ের সঙ্গে ছিলে কুরেইরিস মুর্তজা। এছাড়াও উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকা, বিক্ষোভের সময় সহিংসতা, নিরাপত্তা বাহিনীর ওপর পেট্রোল বোমা হামলায় সহযোগিতাসহ ভাইয়ের জানাজার সময় পদযাত্রা বের করার অভিযোগ আনা হয়েছিল।