ভারত-পাকিস্তান ম্যাচ যেখানেই হোক, তা নিয়ে উত্তেজনার অভাব থাকে না। বিশ্বকাপে খেলা হলে সেই উত্তেজনা তো আরও বেড়ে যায়। যদিও এর আগে বিশ্বকাপের ৬ স্বাক্ষাতেই পাকিস্তানকে হারিয়েছে ভারত। তারপরও কালকের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি ছিলো না। সেই আগ্রহ বারবারই থামিয়ে দিতে চেয়েছে বৃষ্টি।
বৃষ্টিতে খেলা দ্বিতীয়বারের মতো থেমে যাওয়ার আগে ভারত ৫০ ওভারে ৩৩৬ রান করেছে ৫ উইকেট হারিয়ে। জবাবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান তুলেছে পাকিস্তান।
আগে ব্যাট করা ভারতকে শক্ত ভিতের ওপর দাড় করিয়ে দেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। ইনজুরিতে পড়া শিখর ধাওয়ানের বদলে ইনিংস শুরু করতে গিয়েছিলেন রাহুল। রোহিতের সাথে ১৩৬ রানের জুটি করেন তিনি।
রাহুল ৭৮ বলে ৫৭ রান করে আউট হওয়ায় জুটি ভাঙে। কিন্তু থামেনি রোহিতের ব্যাট। বড় ইনিংস খেলতে অভ্যস্থ এই ওপেনার আরও একটা বড় ইনিংসের দিকে তাকাচ্ছিলেন। শেষ পর্যন্ত হাসান আলীর বলে আউট হন ১৪০ রান করে। ১১৩ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংস খেলেন রোহিত। এরপর ভারতের ইনিংসটা টেনে নিয়ে গেছেন বিরাট কোহলি। ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলার পথে বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রান পার করে ফেলেন। এর মাঝে হার্দিক পান্ডিয়া এসে ১৯ বলে ২৬ রানের ইনিংস খেলে ফেরেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনি মাত্র ১ রান করে আউট হওয়ায় শেষ দিকে খুব দ্রুত রান তুলতে পারেনি ভারত।
