দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। জেলাগুলো হচ্ছে জামালপুর, কুমিল্লা, ঝিনাইদহ, নওগাঁ ও কিশোরগঞ্জ। অন্যদিকে, মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি বাস খাদে পড়ে ৫৫ জন আহত হয়েছে। ইত্তেফাকের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গতকাল রবিবার সকালে নার্সারি ক্লাসের রাসেল (৮) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত রাসেল উপজেলার সাপধরী ইউনিয়নের চরশিশুয়া গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। রাসেল গুঠাইল যমুনা আইডিয়াল মাদরাসা থেকে পরীক্ষা শেষে পায়ে হেঁটে তার মামার বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
অন্যদিকে, কুমিল্লায় বাসের ধাক্কায় মাটি বহনকারী ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই পুরাতন পোস্ট অফিস এলাকায় দুর্ঘটনা ঘটে। ট্রাক্টরের নিহত চালক হেলাল হোসেনের (২৭) বাড়ি জেলার চান্দিনা উপজেলায়।
একই দিন, ঝিনাইদহের কালীগঞ্জের ছালাভরা নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছে। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সুজন (৩০) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাধবপুর গ্রামের মানিক আলীর ছেলে। হেলপারের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়া, নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালক বাবু (২৮) নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঘাটকৈর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বাবু কুসুম্বা ইউনিয়নের ছোট-বেলালদহ গ্রামের সামসুল ইসলামের ছেলে।
একই দিন দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে কটিয়াদী উপজেলার চারিপাড়া গ্রামের পাট ব্যবসায়ী মোতালেব ওরফে মতু মিয়া (৭০) নিহত হয়েছেন। বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি বাস তাকে চাপা দেয়।
অন্যদিকে, শনিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় পোশাক কারখানার শ্রমিকবাহী একটি বাস উল্টে খাদে পড়ে অন্তত ৫৫ জন নারী ও পুরুষ আহত হয়েছেন। উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের শিমুলতুলি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং পরে গুরুতর আহতদের স্থানান্তর করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
