কামারখন্দে ভাসুরের ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৯:১৮

সিরাজগঞ্জের কামারখন্দে ভাসুরের ছুরিকাঘাতে ৬৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত পারভীন একই গ্রামের চাঁদ আলী সরকার স্ত্রী। 

এ ঘটনায় সত্তরোর্ধ্ব অভিযুক্ত ভাসুর তারা সরকারকে আটক করেছে পুলিশ। 

মৃতের পুত্রবধূ খুশি খাতুন বলেন, ৬ ডিসেম্বর রাতে আমি অসুস্থ থাকায় ওষুধ খেয়ে ঘুমিয়ে গেলে আমার স্বামী ঘরের দরজা আংশিক বন্ধ করে বিশ্বকাপ খেলা দেখতে বাহিরে যায়। একপর্যায়ে প্রতিবেশী রুবেল আমার শয়নকক্ষে প্রবেশ করে। এসময় আমার স্বামী ঘরে আসলে রুবেল পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন।

তিনি বলেন, এর ধারাবাহিকতায় মঙ্গলবার সালিশি বৈঠক উভয় পক্ষের সমঝোতায় বিষয়টি মীমাংসা করা হয়। শালিসি বৈঠক শেষে হঠাৎ আমার বড় চাচা শ্বশুর ধারালো ছুরি দিয়ে আমার শাশুড়ির বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হত্যার ঘটনা নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি নুরনবী প্রধান জানান, এ ঘটনায় অভিযুক্ত তারা সরকারকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে