গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ৪টি বসতঘরে অগ্নি সংযোগ করে ভস্মীভূত করেছে প্রতিপক্ষ। রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বণগ্রাম মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রতিপক্ষ আবুল দাড়িয়ার সমর্থকরা বতু মোল্লা ও তার ভাই নওশের মোল্লার ঘরে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ওই গ্রামের ছিরু দাড়িয়া ও আবুল দাড়িয়ার মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে আজ রবিবার দুপুরে ছিরু দাড়িয়ার সমর্থক বতু মোল্লা ও নওশের মোল্লার ঘরে আগুন দিয়েছে। এর আগে ওই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের বিরুদ্ধে আদালতে একাধিক মামলাও রয়েছে।
রবিবার সকালে বতু ও নওশেরসহ অন্যরা মামলার হাজিরা দিতে গোপালগঞ্জের আদালতে যান। এই সুযোগে আবুল দাড়িয়ার সমর্থকরা ৪টি বসতঘরে অগ্নি সংযোগ করে। এতে ৪ টি ঘর ও ঘরের আসবাবপত্র এবং মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনার পর এলাকার উভয় গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ সিকদার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে আগুনে ৪টি বসতঘর পুড়ে যায়। ঘরের ধান, ফ্রিজ, আসবাবপত্রসহ মালামাল পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ আমরা জানতে পারিনি। তদন্তের পর জানা যাবে।’
আরও পড়ুন: সাভারে বাস চাপায় শিক্ষার্থীর মৃত্যু; ঘাতক চালক গ্রেফতার
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক তদন্তে প্রতিপক্ষের দেওয়া আগুনে বসতঘরগুলো পুড়ে গেছে বলে জানা গেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/নূহু
