শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের অবৈধ হস্তান্তরিত ঘরের দখল বুঝে নিলেন উপজেলা প্রশাসন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৫:৪৫

দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে সোমবার (১২ ডিসেম্বর) শাহজাদপুরে আশ্রয়ণ প্রকল্পের ৭ টি ঘর বিক্রি অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা ঐ এলাকার মানুষের মধ্যে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। টনক নড়ে স্থানীয় প্রশাসনের। অবশেষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের অবৈধ হস্তান্তরিত ৭টি ঘরের দখল বুঝে নিলেন উপজেলা প্রশাসন। 

উপজেলা দপ্তরসূত্রে জানা যায়, গাড়াদহ আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দকৃত ৭টি ঘর উপকারভোগীরা বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে অন্যের কাছে বন্দোবস্তের শর্ত ভঙ্গ করে হস্তান্তর করে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে উপজেলা প্রশাসন তদন্ত করে গাড়াদহ ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সামনে স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর করে গ্রহীতাদের টাকা ফেরত দেন এবং দখল বুঝে নেন। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ৭টি ঘরের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তালা লাগিয়ে দেওয়া হয়। অবৈধ বসবাসকারী আনু, নাজমুল, ও বিধবা শিরীন জানান, আমরা দিন মজুর ও গরীব মানুষ। আমাদের বাড়ি ঘর নাই। একটু কম মূল্যে পাওয়ায় না বুঝে আমরা ঘর কিনে বসবাস করছি। আমরা না বুঝে না জেনে ঘর কিনেছিলাম তাই আমরা স্বেচ্ছায় ছেড়ে দিয়ে যাচ্ছি। এসময় তারা ইউএনও মহোদয়ের কাছে উক্ত ঘরগুলি তাদের নামে বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। 

শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান জানান, আশ্রয়ণ প্রকল্পের ঘর কোনভাবেই হস্তান্তর যোগ্য নয়। তাই তাদের কাছ থেকে ঘর উদ্ধার করে দখল নেওয়া হয়েছে। 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন জানান, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর কোনভাবেই হস্তান্তর যোগ্য নয়। তাই অবৈধ দখলদারদের কাছ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরের দখল বুঝে নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রকৃত ভূমিহীন-গৃহহীনদের বাছাই করে উক্ত ঘরের বরাদ্দ নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই