রংপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০১৯, ২৩:৪০

ঢাকাগামী কোচের চাপায় আহত হয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল মোঃ রবিউল আলম ২৭দিন জীবনের সাথে পাঞ্জা লড়ে রবিবার মারা গেছেন। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ধর্মপুর গ্রামে আফাজ উদ্দিনের ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মে অফিসের ফ্যাক্স ডিউটিসহ যাবতীয় কাজ শেষ করে মোটরসাইকেলযোগে ব্যারাকের উদ্দেশ্য রওনা হন। নগরীর আরকে রোডের ধাপ চেক পোস্ট এলাকায় ঢাকাগামী অজ্ঞাতনামা পরিবহন তার মোটরসাইকেলকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে রবিউল আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগে ভর্তি করেন। ২৭ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার মারা যান।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আব্দুল আলিম মাহমুদ বলেন, কনস্টেবল মোঃ রবিউল আলম একজন দেশপ্রেমিক, পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য ছিল। কর্মজীবনে তিনি নীলফামারী জেলা এবং সর্বশেষ রংপুর মেট্রোপলিটন পুলিশে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ইত্তেফাক/আরকেজি