সরানো হলো রাজাকে, আসছেন শেঠি

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৫:১২

শেষ পর্যন্ত সত্যি হলো জল্পনা-কল্পনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রমিজ রাজাকে। দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রাজাকে সরিয়ে দেওয়ার পর  পিসিবি চেয়ারম্যানের  দায়িত্ব নিতে যাচ্ছেন নাজাম শেঠি।

পিসিবির পরবর্তী অভিভাবক হিসেবে নাজাম শেঠিকে সবুজ সঙ্কেত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পিসিবির সংবিধান অনুযায়ী, চেয়ারম্যান পদের জন্য কয়েক জনকে মনোনীত করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বোর্ড সদস্যরা এক জনকে নির্বাচিত করেন। সেই একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করেন প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমস্ত্রী ইমরান খানও দায়িত্বে থাকার সময় একই পদ্ধতিতে পিসিবি বস হয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ  রাজা। ২০২১ সালের সেপ্টেম্বরে শেঠির পরিবর্তেই পিসিবির দায়িত্ব পান রাজা। এক বছর তিন মাস দায়িত্ব পালন করার পর তাকে অব্যাহতি দেওয়া হলো।

সদ্যই নিজ মাঠে ইংল্যান্ডের কাছে প্রথমবারের মতো তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-জিম্বাবুয়ের কাছে হার, ঘরের মাঠে নিম্নমানের টেস্ট উইকেটের সমালোচনা এবং দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিয়ে কটুক্তি করে আসছিলেন রাজা। সব মিলিয়ে রাজাকে পিসিবির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার জোর দাবিও উঠেছিলো।

ইত্তেফাক/এসএস