কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নে কাচারীপাড়া এলাকার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়াকে হত্যা হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গোলাম কিবরিয়া বাদী হয়ে ৮ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাড়িঘর ভাঙচুরের প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে একই এলাকার রাজিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন ও ছেলে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রাশেদসহ আটজনকে আসামি করে রাজিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গত দুই বার ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়ে সামান্য ভোটে হেরে যাওয়া আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার মালিকানাধীন চররাজিবপুর মৌজাবিস্থত ১৮ শতক জমি ভূমিদস্যুরা দীর্ঘদিন থেকে দখলে নেওয়ার পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তার বসতবাড়ি ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ভাঙচুর শেষে আসার সময় তাকে মেরে ফেলে দেওয়ার হুমকিও দেয় তারা। এ ব্যাপারে গোলাম কিবরিয়া বাদী হয়ে রাজিবপুর থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আরও ক্ষিপ্ত হয়ে থানায় দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা কিবরিয়াকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে তাকে জবাই করে খুন করা হবে বলেও সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে।
রাজিবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন বলেন, আমি কোনো জমি দখল কিংবা বাড়ি ভাঙচুর করতে যাইনি। আমাদের ওখানে জমি আছে। বলেই উনি মোবাইলের সংযোগ কেটে দেন।
রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়ার অভিযোগ পেয়েছি। পুলিশ অফিসারসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
