ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ দ্রুত বাস্তবায়ন করতে প্রশাসনকে জরুরি নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমি দীর্ঘ ৪০ বছরের অবহেলিত ভাঙ্গাকে গত ৮ বছরে উন্নয়ন করে নতুনরূপে সাজিয়েছি। কিছু উন্নয়নমূলক কাজ এখনও অসমাপ্ত ও চলমান রয়েছে। অথচ এসব কাজ অনেক আগেই শেষ হবার কথা ছিলো। যেসব ঠিকাদার অবহেলা করে কাজ ফেলে রেখেছে তাদেরকে কালো তালিকাভুক্ত করে সকল কাজ জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি নিক্সন চৌধুরী বলেন, উপজেলা প্রকৌশলী, সমাজসেবা অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশলী, পুলিশ বাহিনী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার আহবান করেন। জনগণ এদের কাছ থেকে সেবা আশা করে। সেই সেবায় যাহাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, থানার ওসি জিয়ারুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অনেকে।
