কিশোরগঞ্জ রেলস্টেশনের হোম সিগন্যালে ভৈরব থেকে ময়মনসিংহগামী ২৪১ আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ভৈরব-ময়মনসিংহ লাইনে প্রায় সাড়ে নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এসময় ভৈরব, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরগামী রেল যাত্রীরা দুর্ভোগের শিকার হন। তারা এই দীর্ঘসময় বিভিন্ন স্টেশনে ট্রেনে আটকা পড়েন।
কিশোরগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার রফিকুল ইসলাম জানান, গতকাল রবিবার সকাল সোয়া নয়টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশনের হোম সিগন্যালে ২৪১ আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। দুপুরের দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষ করে সন্ধ্যায় লাইনের ক্লিয়ারেন্স দেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
