মাদারীপুরে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১১:৫৯

মাদারীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শহরের পানিছত্র এলাকার বেসরকারি কেআই হাসপাতালে শুক্রবার (২৩ ডিসেম্বর) এ ঘটনার বিচারে দাবিতে হাসপাতাল ভাঙচুরসহ বিক্ষোভ করেন স্বজনরা। এছাড়া অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার পর পলাতক রয়েছেন।

মৃত লাকী আক্তার (৩০) শিবচর পৌরসভার খানকান্দি এলাকার ইলেক্ট্রিশিয়ান সৈয়দ শামীমের স্ত্রী এবং তিন কন্যা সন্তানের জননী।

অভিযোগে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় মাদারীপুর শহরের পানিছত্র এলাকার বেসরকারি কেআই হাসপাতালে ভর্তি হন গৃহবধূ লাকী আক্তার। দুপুর ১টার দিকে টনসিল অপারেশনের জন্য তাকে নেওয়া হয় হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটারে। সেখানে চিকিৎসক মিজানুর রহমান তার সহযোগীদের নিয়ে অপারেশন শুরু করেন। পরে মুহূর্তেই অপারেশন টেবিলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই গৃহবধূ। কিন্তু বিষয়টি গোপন করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো চেষ্টা করলে গৃহবধূর মৃত্যু বিষয় জানাজানি হয়।

এদিকে, গৃহবধূর বিচার দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করে স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের পাশাপাশি জেলার গোয়েন্দা পুলিশও যোগ দেয়।

নিহত লাকীর স্বামী সৈয়দ শামীম বলেন, অপারেশনের চার ঘণ্টা পরে বলে ঢাকায় নিতে হবে এ কথা বলার আগেই মারা যায় লাকী। এ ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের মালিকদের বিচারের দাবি করেছেন তিনি।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম সরদার বলেন, এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। 

ইত্তেফাক/আরএজে