শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক আজ ৭০তম প্রতিষ্ঠাবর্ষে পদার্পণ করেছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক আজ গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে।
বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে বেলা ১১টায় দিকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় নিউ মার্কেটের সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভা কক্ষের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে সভাকক্ষ কার্যালয়ে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান কেক কেটে প্রীতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর দৈনিক ইত্তেফাকের স্বাধীনতা পূর্ব কালের ভুমিকাসহ বর্তমান ইত্তেফাকের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সর্ম্পকে আলোচনা করেন।
আলোচনায় সামজিক সংগঠন জন উদ্যোগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সরোয়ার, সাংবাদিক হাকিম বাবুল, শেরপুর সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রধান শিব শংকর কারোয়া, নারী উদ্যোক্তা ও মহিলা পরিষদ নেত্রী আইরিন পারভিন, বীর মুক্তিযোদ্ধা প্রদীপ দে কৃষ্ণ, অ্যাডভোকেট আব্দুর রহিহম বাদল প্রমুখ অংশ নেন। অনুষ্ঠানে ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুশীল মালাকার সবাইকে স্বাগত জানান।
