বিএনপি ও সিপিডির গবেষণা সমালোচনা করার জন্য : হাছান মাহমুদ

আপডেট : ১৭ জুন ২০১৯, ০০:২২

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ও সিপিডি প্রতিবছর বাজেট নিয়ে একই ধরনের সমালোচনা করে। বাজেট নিয়ে তাদের গবেষণা সমালোচনা করার জন্য। রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে বিএনপি ও সিপিডির বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ও সিপিডি প্রতিবছর বাজেট নিয়ে একই ধরনের সমালোচনা করে। তারা মূলত তিনটি সমালোচনা করে থাকে। তা হলো বাজেট উচ্চাভিলাষী, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয় এবং এ বাজেট গরিব মানুষের কোনো কল্যাণে আসবে না।

হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক যেখানে বলছে, বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সেখানে বিএনপি ও সিপিডি কোনো কল্যাণই দেখে না। সিপিডি কি বিশ্বব্যাংকের চেয়েও বড় গবেষণা প্রতিষ্ঠান হয়ে গেলো?’

‘২০১৯-২০ অর্থ বছরের বাজেট কেমন হয়েছে’ জানতে চাইলে তিনি বলেন, বাজেট অত্যন্ত চমত্কার হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপির আকার বেড়েছে চার গুণ। বাজেটের আকার বেড়েছে আট গুণ। সেখানে করদাতার সংখ্যা সেভাবে বাড়েনি। কাজেই এ বাজেটে করদাতার সংখ্যা এক কোটিতে উন্নীত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যুগান্তকারী। এ বাজেট শিল্পবান্ধব ও ব্যবসাবান্ধব।

তিনি বলেন, ১৫ থেকে ২০ লাখ টন চাল রফতানির পরিকল্পনা রয়েছে সরকারের।

তথ্যমন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ থেকে নেমে ২০ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় এক হাজার ৬০০ ডলার থেকে বেড়ে দুই হাজার ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতির এ সূচকগুলো কি কল্যাণের চিত্র বহন করে না?

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ মাহমুদুর রহমান মান্নাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ যেন না ভাবে, কারণ কারো সমালোচনা করতে হলেও তার মধ্যে ভদ্রতা, সভ্যতা ও শিষ্টাচার থাকা প্রয়োজন। আমি ভেবে পাই না উনিতো ছাত্র রাজনীতিও করেছেন। উনি কীভাবে এমন ভাষায় সমালোচনা করেন।

তিনি বলেন, ‘ড. কামাল হোসেনকে অনুরোধ করবো, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখুন। অনেকে ঐক্যফ্রন্ট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা নিজেরা হিমশিম খাচ্ছে নিজেদের ঐক্য ধরে রাখতে। সেখানে সরকারের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করবে সেটি বোধগম্য নয়।’ এ সময়ে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।