যাত্রীবাহী পরিবহনের চাপায় ২ পথচারী নিহত 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯

কুড়িগ্রামের জেলা শহরের ত্রিমোহনী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত মিশুকে ধাক্কা দিলে দুই পথচারী চাপা পড়ে।

নিহতদের মধ্যে আব্দুল হান্নান (৪৫) কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত নজির হোসেনের ছেলে ও একই উপজেলার বেলগাছা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বিপ্লব মিয়া (৪০)।

দুর্ঘটনায় নিহত দুই পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা এবং শুকনো খাবার ও শীতবস্ত্র দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীনুর রহমান সরদার জানান, দুর্ঘটনায় দুই জন মারা গেছে। আহত চার জনের মধ্যে গুরুতর একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, নৈশকোচ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জন মারা যান। এতে আহত হন আরও চার জন।

ইত্তেফাক/আই/পিও